শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে, শীর্ষস্থানে ঢাকা বোর্ড!

ঢাকা, ১০ আগস্ট – এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। চলতি বছর এ পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ। এতে জিপিএ ৫ পেয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ৬৬৭৬ জন শিক্ষার্থী।

আগের বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৫ সালে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত থেকে ফলাফল হস্তান্তর করেন। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ।

বোর্ডভিত্তিক ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ড ৭১.৬৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে অবস্থান করছে। এছাড়া যশোর বোর্ডে ৬৬.২৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫.৪২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৩.৬৭ শতাংশ এবং বরিশাল বোর্ডে ৬০.৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে চট্টগ্রাম বোর্ডে ৫৯.৪৮ শতাংশ, সিলেট বিভাগে ৫৮.৩৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৮.০৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ রেকর্ড করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৫৮.২০ শতাংশ। চলতি বছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করেছিল।

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, মোবাইল ফোনে এসএমএস এবং সরকারি নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারছেন। এছাড়া ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

পরীক্ষা শেষ হওয়ার প্রায় তিন মাস পর এই ফলাফল প্রকাশ করা হলো।

এনএন/ ১০ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language