শিক্ষা

“মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেওয়া যায় না!”—এসএসসি রেজাল্ট নিয়ে শিক্ষামন্ত্রীর চড়া জবাব

ঢাকা, ১০ আগস্ট – এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে মন খুলে গান গাওয়া গেলেও উত্তরপত্রে নাম্বার দেওয়ার ক্ষেত্রে যথাযথ মান বজায় রাখতে হয়।

সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

শিক্ষকদের নাম্বার দেওয়ার ক্ষেত্রে কঠোরতা বিষয়ক এক প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও জানান যে এবারের পরীক্ষার ফলাফল অত্যন্ত সুন্দর হয়েছে। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান যে যেসব শিক্ষার্থী পরীক্ষার ফল নিয়ে অসন্তুষ্ট হয়ে পুনঃপরীক্ষণের আবেদন করবেন তাদের খাতাগুলো এবার সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে।

তিনি বলেন যে ১৯৯৮ সালের বোর্ড আইন অনুযায়ী আগে খাতা পরিদর্শনের সুযোগ ছিল না। তবে বর্তমান সরকার আইন পরিবর্তন করায় এখন শিক্ষার্থীদের জন্য এই সুযোগ তৈরি হয়েছে। খাতা দেখার ক্ষেত্রে কোনো ধরনের ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য যে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছে। পূর্ববর্তী বছরে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

এনএন/ ১০ আগস্ট ২০২৬


Back to top button