মধ্যপ্রাচ্য

হিজাব ছাড়া নারীদের তেহরানের মেট্রো ব্যবহারে নিষেধাজ্ঞা

তেহরান, ১২ এপ্রিল – হিজাব নিয়ে আরেক ধাপ কঠোর অবস্থানে পৌঁছাল ইরান। এখন থেকে তেহরানের মেট্রো ব্যবহার করতে পারবে না হিজাব না পরা ইরানি নারীরা। এ লক্ষ্যে মেট্রো স্টেশনগুলোতে হিজাব প্রয়োগকারী দল বসানো হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

এমনকি হিজাব পরিধান না করলে কর্মক্ষেত্র থেকে ছাঁটাই করার মত সিদ্ধান্ত নেয়া হচ্ছে দেশটিতে।

সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টিভিতে এই খবর প্রচারিত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

সম্প্রতি দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরানের মেট্রো স্টেশনগুলোতে নতুন হিজাব প্রয়োগকারী দল গঠন করা হয়েছে। রাষ্ট্রীয় টিভির ফুটেজে দেখা গেছে, যেসব নারী হিজাব পরেননি তাদের টিকিট নিতে বাধা দিচ্ছে মেট্রো কর্মীরা।

এদিকে ইরানের সরকারের এই কড়াকড়ির মধ্যেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে নারীরাও

মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজাব না পরা নারীদের শনাক্তে রাস্তায় রাস্তায় সিসিটিভি বসানোর সিদ্ধান্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হিজাব ছাড়া ছবি পোস্ট করছে নারীরা।

আল জাজিরা জানায় গ্রেপ্তারের ঝুঁকি নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেরদের পছন্দের পোশাক পরে ছবি পোস্ট করছেন নারীরা।

এদিকে ইরান ইন্টারন্যাশনাল টিভিতে এক প্রতিবেদনে পুলিশ প্রধান আহমাদ-রেজা রাদান জানান, ‘আগামী শনিবার থেকে যারা হিজাব খুলে ফেলবে তাদের স্মার্ট সরঞ্জাম ব্যবহার করে চিহ্নিত করা হবে।’ এ ছাড়া যেসব নারীকে হিজাব ছাড়া দেখা যাবে, তাদের ফোনে পরিণাম সম্পর্কে সতর্কীকরণ বার্তা দেওয়া হবে।

গত সপ্তাহে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বাধ্যতামূলক হিজাব পরিধানের বিষয়ে একটি বিবৃতি দেন। এরপর থেকেই শাস্তিমূলক ব্যবস্থাগুলো প্রয়োগ করা হচ্ছে।

ইরানি বিচার বিভাগ জানিয়েছে, তারা হিজাব না পরার জন্য আদালতে নেওয়া নারীদের ওপর জরিমানা আরোপ করতে ইচ্ছুক। যদি হিজাব ছাড়া কোনো নারীকে গাড়ি চালাতে দেখা যায়, তবে তাদের গাড়ি জব্দ করা হতে পারে। হিজাব ছাড়া নারী যে ট্যাক্সি বা গাড়িতে উঠবে সেই চালককেও গ্রেপ্তার করা হবে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১২ এপ্রিল ২০২৩


Back to top button
🌐 Read in Your Language