ইউরোপ

বিক্ষোভে উত্তাল ফ্রান্স; নীতিমালা ভঙ্গ ও সংঘাতের দায়ে আটক অনন্ত ৮০

প্যারিস, ২৪ মার্চ – ফুঁসে উঠছে বিক্ষোভ, প্রতিবাদে উত্তাল ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সরকারি কর্মচারীদের অবসরে যাওয়ার বয়স বাড়ানোর উদ্যোগ নেওয়ার পর থেকে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিক্ষোভকারীরা বোর্দো টাউন হলে আগুন জ্বালিয়ে দিয়েছেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফ্রান্সজুড়ে ১০ লাখের বেশি মানুষ রাস্তায় নেমেছে। এরমধ্যে শুধু প্যারিসেই এক লাখ ১৯ হাজার মানুষ প্রতিবাদ করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া পরিসংখ্যানে এ তথ্য দেওয়া হয়েছে।

দেশটির পুলিশ রাজধানীতে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এ ছাড়া দেশজুড়ে অন্তত ৮০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিবিসি বলছে, সরকারি কর্মীদের অবসরে যাওয়ার বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৪ করার নীতিমালা কার্যকর করায় এই আন্দোলন শুরু হয়। আর এ নিয়েই প্রতিবাদে উত্তাল দেশটি।

ফ্রান্সের শ্রমিক-কর্মচারীদের ইউনিয়নগুলো আগামী মঙ্গলবার ফের বিক্ষোভের ডাক দিয়েছে। ওই দিন দেশটিতে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সফরের কথা আছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসে এর আগে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হলেও গতকাল পুলিশের সঙ্গে মাস্ক পরিহিত দাঙ্গাকারীদের সংঘর্ষ বেধেছে। এতে এক পুলিশ জ্ঞান হারিয়েছেন। পুলিশকে লক্ষ্য করে সেখানে আগুন ও বিভিন্ন বস্তু ছোড়া হয়। তাদের হটাতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

এএফপি বলছে, শুধু প্যারিসেই অন্তত ৩৩ জনকে গ্রপ্তার করেছে পুলিশ।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৪ মার্চ ২০২৩


Back to top button
🌐 Read in Your Language