সংগীত

বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা, ০২ ডিসেম্বর – বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পালা গানে মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রিতাসহ মোট তিনজনের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। মামলার বাকি দুই আসামি হলেন- শাজাহান ও ইকবাল।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিলের পর বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এই পরোয়ানা জারি করেন। মামলার বাদি অ্যাডভোকেট ইমরুল হাসান ও ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মিজানুর রহমান রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পাওয়া গেলে এ প্রতিবেদন দাখিল করেন ট্রাইব্যুনালে।

আরও পড়ুন : দেড় মাস গেলো ফাঁকা, এবার একসঙ্গে পাঁচ ছবির মুক্তি

গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. ইমরুল হাসান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। এরপর পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক।

মামলার অভিযোগে বলা হয়, গত ৩১ জানুয়ারি ফেসবুক, ইউটিউবে দেখতে পান, রিতা দেওয়ান একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে মহান আল্লাহ তাআলাকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মীয় বিশ্বাস নষ্ট করার অভিপ্রায়ে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, বিদ্বেষাত্মকভাবে উচ্চস্বরে এমন আচরণ করেছেন, যা বাদীসহ অন্যদের অনুভূতিতে কঠোরভাবে আঘাত করেছে।

সুত্র : আমাদের সময়
এন এ/ ০২ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language