সংগীত

বাদশার দ্বিতীয় দাম্পত্য জীবনেও কি ফাটল? ইশার রহস্যময় পোস্টে বিচ্ছেদের গুঞ্জন

মুম্বাই, ২৪ জুলাই – জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশা ও তার স্ত্রী অভিনেত্রী ইশা রিখির দাম্পত্য জীবনে টানাপড়েনের খবর চাউর হয়েছে। ইশার সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে এই জল্পনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বাদশার সঙ্গে নিজের বেশ কিছু ভিডিও ও ছবির একটি সংকলন শেয়ার করে ইশা এমন এক রহস্যময় বার্তা দিয়েছেন যা ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রকাশিত সেই ভিডিও ক্লিপটিতে এই দম্পতির বিয়ের বরমালা পরিবর্তনের দৃশ্য থেকে শুরু করে পারিবারিক নানা আবেগঘন মুহূর্ত ফুটে উঠেছে। তবে সবাইকে চমকে দিয়েছে পোস্টটির ক্যাপশন। ইশা লিখেছেন যে প্রতিটি ঝড়ই একেকটি শিক্ষা এবং প্রতিটি প্রার্থনাই নতুন আশা। এই ক্যাপশনের সঙ্গে তিনি একটি ভাঙা হৃদয় ও প্রার্থনার ইমোজি জুড়ে দিয়েছেন।

সরাসরি কোনো সমস্যার কথা উল্লেখ না করলেও তার এই আবেগঘন পোস্ট বিচ্ছেদের জল্পনাকে আরও জোরালো করেছে। ইশার এই পোস্টে তারকা বন্ধুদের মন্তব্য বিচ্ছেদের বিষয়টিকে আরও ঘনীভূত করেছে। অভিনেত্রী জেসমিন ভাসিন মন্তব্য ঘরে লিখেছেন যে শক্ত থাকতে। অন্যদিকে অভিনেত্রী শ্রুতি সোধি লিখেছেন এগুলোই জীবনের বড় শিক্ষা।

ভক্তরাও তাদের প্রিয় তারকার এমন পোস্টে উদ্বেগ প্রকাশ করছেন এবং অনেকেই জানতে চেয়েছেন ঠিক কী ঘটেছে তাদের মধ্যে। চলতি বছরের মার্চ মাসে ইশার মা পুনম রিখি পারিবারিক বিয়ের ছবি শেয়ার করার মাধ্যমে বাদশা ও ইশার বিয়ের খবরটি প্রকাশ্যে এনেছিলেন। একটি ঘরোয়া পার্টিতে এই দুজনের পরিচয় ও প্রেমের সূত্রপাত হয়।

উল্লেখ্য যে এটি বাদশার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১২ সালে তিনি জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন। তবে ২০২০ সালে তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে। সেই সংসারে বাদশার জেসেমি গ্রেস মাসিহ সিং নামে একটি কন্যাসন্তান রয়েছে।

এস এম/ ২৪ জুলাই ২০২৬


Back to top button