শরীর চর্চা

প্রথম বার জিমে যাওয়া, দৌড়ানো ও সাইক্লিং করার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো

সাবেরা খাতুন

বর্তমানে স্কুলের শিশু-কিশোরদের মধ্যে ও শারীরিক ফিটনেসের বিষয়ে  অনেক বেশি সচেতনতা দেখা যায়। এজন্য অনেক কিশোরকে জিমেও যেতে দেখা যায়। যা তাদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ওয়ার্কআউট সঠিকভাবে করার গুরুত্ব সম্পর্কে তদের সচেতন হওয়া প্রয়োজন। জিমে ব্যায়াম করার সময় বা দৌড়ানোর সময় বা সাইকেল চালানোর সময় সঠিক নিয়ম না জানলে আহত হওয়ার সম্ভাবনা আছে। প্রথম বার জিমে যাওয়া, দৌড়ানো ও সাইক্লিং করার সময় যে ভুলগুলো হতে পারে সে বিষয়ে জানবো আজ।

জিমিং :
১। প্রশিক্ষক না নেয়া

যারা প্রথম জিমে যায় তাদের পিঠে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে। একজন অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষকের তত্ত্বাবধানে ব্যায়াম করলে তিনি আপনাকে নিরাপদ ও সঠিক নির্দেশনা দিতে পারবেন। বিশেষ করে ওজন উত্তোলনের ব্যায়াম করার সময় যদি ভুল করা হয় তাহলে স্লিপ ডিস্ক হতে পারে। তাই নিশ্চিত হয়ে নিন আপনি যার কাছে প্রশিক্ষণ নেবেন তিনি অভিজ্ঞ কিনা।

২। সঠিক ভঙ্গি অনুসরণ না করা
খুব সাধারণ ব্যায়াম ও যদি সঠিক ভাবে না করা হয় তাহলে লিগামেন্ট ছিরে যেতে পারে। যা নিজে নিজে ভালো হয়না, সার্জারি করতে হয়। সঠিক জুতা না পরে ট্রেডমিলে দৌড়ালে অথবা ভারোত্তলন করলে হাঁটু ক্ষতিগ্রস্থ হয়।

৩। ওয়ার্ম-আপ ও কুল-ডাউন রুটিন না মানা
ওয়ার্মআপ না করে ব্যায়াম শুরু করলে অথবা ব্যায়ামের পরে বিশ্রাম না নিলে পেশীতে টান লাগতে পারে। নতুন ব্যায়াম শুরু করছেন এমন অনেকেই ওয়ার্ম-আপ ও কুল-ডাউন এর গুরুত্ব ঠিক বুঝতে পারেন না।

সাইক্লিং :
১। সাইকেলে চড়ার আগে স্ট্রেচিং না করা
উরুর পাশের পেশীকে লাইয়োটিবিয়াল বেন্ড মাসল বলে। ওয়ার্ম আপ না করে সাইকেল চালানো শুরু করলে এই পেশীতে প্রদাহ হতে পারে। তাই সাইকেল চালানোর আগে স্ট্রেচিং করা গুরুত্বপূর্ণ।

২। পেশীকে শক্তিশালী না করা
দীর্ঘক্ষণ বাইকে বসে থাকলে পিঠের নীচের অংশে অনেক চাপ পড়ে। এছাড়াও উঁচু-নিচু স্থানে সাইকেল চালালে পিঠের নীচের অংশে ব্যথা হয়। পেশীকে শক্তিশালী করার এক্সারসাইজ না করলে পিঠের নীচের অংশের ক্ষতি হতে পারে। সাইকেলের আসন ও হাতলগুলো একই সারিতে হওয়া উচিৎ।

৩। ওয়ার্ম আপ রুটিন মেনে না চলা
যদি আপনি পর্যাপ্ত প্রশিক্ষণ না নেন, বিশেষ করে পায়ের। তাহলে পায়ের নার্ভ সংকুচিত হয়ে যেতে পারে এবং পায়ে ব্যথা ও অস্বস্তি হতে পারে। তাই সাইকেল চালানোর আগে ওয়ার্ম আপ করে নিন এবং প্রথমে অল্প দূরত্বে চালান।

জগিং :
১। এক্সারসাইজ না করা

শক্ত স্থানে দৌড়ালে হাঁটুতে ও পিঠে চোট লাগতে পারে। যদি আপনার হাঁটুর চারপাশের পেশী শক্তিশালী না হয় তাহলে আপনি হাঁটু ব্যথায় ভুগতে পারেন। তাই আপনার পেশী শক্তিশালী করার এক্সারসাইজ করা উচিৎ।

২। ওয়ার্ম আপের অভাব
দৌড়ানোর সময় হাঁটু ও পায়ের পেছনের মাংসল অংশকে যুক্ত করে যে টেন্ডন তাতে প্রদাহ, ব্যথা ও টান পড়তে পারে। এর কারণ হচ্ছে ওয়ার্ম আপের অভাব। ওয়ার্মআপ করা ছাড়া দৌড়ানো শুরু করলে পেশীতে চাপ পড়ে, ব্যথা হয় এবং পেটের পাশে ঠিক পাঁজরের নীচে ব্যথা হয়।

এজন্যই ওয়ার্ক আউট, সাইক্লিং অথবা জগিং শুরু করার আগে একজন অভিজ্ঞ প্রশিক্ষকের পরামর্শ নিন এবং আস্তে আস্তে শুরু করুন। মনে রাখবেন দ্রুত ফল পেতে চাইলে তা আপনার দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হতে পারে।

আডি/ ২৯ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language