ভোলা

৯০০ টন তেল নিয়ে ডুবে যাওয়া জাহাজটি এখনও উদ্ধার হয়নি

ভোলা, ২৬ ডিসেম্বর – ভোলার মেঘনা নদীতে ৯০০ টন পেট্রোল ও অকটেন নিয়ে ডুবে যাওয়া জাহাজ ‘সাগর নন্দিনী-২’কে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। জাহাজটির ওজন বেশি হওয়ায় উদ্ধারকারী জাহাজ ‘সাগর বধূ-৩’ ডুবে যাওয়া জাহাজটিকে টেনে তুলতে পারছে না। জাহাজটি উদ্ধারে ‘সাগর বধূ-৪’ নামে আরেকটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

সাগর নন্দিনী জাহাজের প্রতিনিধি মো. মেহেদী হাসান জানান, ‘সাগর নন্দিনী-২’ জাহাজ উদ্ধারে সোমবার ভোরে সাগর বধূ-৩ জাহাজটি ঘটনাস্থলে আসে। কিন্তু সেটির ওজন কম হওয়ায় জাহাজটিকে টেনে তুলতে পারছে না। তাই কোম্পানি আরেকটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পাঠাচ্ছে। সেটি পৌঁছাতে সময় লাগবে। এরপর জাহাজ উদ্ধারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল জানান, জাহাজটির নিরাপত্তায় কোস্টগার্ড নিয়োজিত রয়েছে। এ ছাড়াও নদীতে ভেসে যাওয়া তেল যাতে কোনও দূষণ না ছড়ায় এর জন্য কোস্টগার্ডের অত্যাধুনিক একটা নৌকা লেমর মেশিন দিয়ে পানি থেকে তেল পৃথক করার কাজ করছে। জাহাজের ভেতরের ট্যাংকে যে তেল রয়েছে তা পদ্মা অয়েল কোম্পানি সরিয়ে নেবে।

উল্লেখ্য, রোববার ভোরে ভোলার মেঘনা নদীতে ৯০০ টন পেট্রোল-অকটেনসহ সাগর নন্দিনী-২ নামে তেলবাহী জাহাজটি ডুবে যায়। তবে জাহাজে থাকা ১৩ জন স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সূত্র: সমকাল
এম ইউ/২৬ ডিসেম্বর ২০২২

Back to top button
🌐 Read in Your Language