আবারও পেইড সাবস্ক্রিপশন সার্ভিস চালু করল টুইটার
ব্যবহারকারীদের জন্য আবারও পেইড সাবস্ক্রিপশন সার্ভিস টুইটার ব্লু চালু করল টুইটার। এর জন্য গ্রাহকদের মাসে খরচ হবে ৮ ডলার। তবে অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের গুনতে হবে ১১ ডলার। এই সার্ভিসে গ্রাহকদের জন্য ব্লু টিক চেকমার্কসহ থাকবে টুইট এডিট করার সুবিধা ও অন্যান্য ফিচার।
সোমবার (১২ ডিসেম্বর) থেকে ফের সাবস্ক্রিপশন সার্ভিস টুইটার ব্লু চালু করতে যাচ্ছে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার। শনিবার এক টুইটে সার্ভিসটি চালুর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয় টুইটার কর্তৃপক্ষ। তবে নতুন করে চালু হওয়া এই সাবস্ক্রিপশন সার্ভিসটি পেতে গ্রাহকদের মাসে খরচ করতে হবে ৮ ডলার। আর অ্যাপলের ডিভাইসে এই সার্ভিস ব্যবহার করতে গ্রাহকদের গুনতে হবে ১১ ডলার।
অবশ্য কেন অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের জন্য ব্ল টিক সাবস্ক্রিপশনের মূল্য অন্যদের তুলনায় বেশি রাখা হচ্ছে সে ব্যাপারে টুইটার কর্তৃপক্ষ কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে অ্যাপল অ্যাপ স্টোরের অ্যাপ্লিকেশন চার্জের সঙ্গে সমন্বয় করেই অতিরিক্ত এ অর্থ আদায় করবে টুইটার।
ইলন মাস্কের মালিকানায় যাওয়ার আগে ব্লু টিক পাওয়ার জন্য টুইটার কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হতো গ্রাহকদের। আবেদন যাচাই বাছাই করে গ্রাহকদের ব্লু টিক সুবিধা দেয়া হতো। তবে গত অক্টোবর মাসে টুইটারের মালিকানা হাতে পেয়েই এ নিয়মে পরিবর্তন আনেন ইলন মাস্ক। গত নভেম্বরের শুরুতে মাসিক ৮ ডলারের বিনিময়ে ব্লু টিক সার্ভিস চালু করে টুইটার। কিন্তু ভুয়া অ্যাকাউন্ট ভেরিফাই করতে না পারায় অল্পদিনেই তা বন্ধ করে দিতে হয়।
এরপর নভেম্বর মাসের শেষের দিকে ফের এই সাবস্ক্রিশপন সার্ভিস চালুর করার উদ্যোগ নেয়া হলেও স্মার্টফোন জায়ান্ট অ্যাপলের সঙ্গে দ্বন্দ্বের জেরে থেমে যায় এর লঞ্চিং। অ্যাপলের অ্যাপ স্টোরের মাধ্যমে সার্ভিসটি সাবস্ক্রিপশন করা হলে ৩০ শতাংশ চার্জ কেটে নেয় অ্যাপল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে অ্যাপলের সমালোচনায় মুখর হন ইলন মাস্ক।
জবাবে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে টুইটারকে সরিয়ে দেয়ার গুঞ্জন ওঠে। অবশ্য নভেম্বরের ৩০ তারিখে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সাথে ইলন মাস্কের বৈঠক বিষয়টির সুরাহা হয়। বৈঠকের পর অ্যাপলের সাথে দ্বন্দ্বের বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেন মাস্ক।
নতুন এই টুইটার ব্লু সাবস্ক্রিপশন সার্ভিসে গ্রাহকদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে থাকবে ব্লু টিক চেকমার্ক। পাশাপাশি টুইট এডিটের সুযোগ পাবেন গ্রাহকরা। এ ছাড়া ডিসপ্লে নেম কিংবা প্রোফাইল ফটোও এডিট করতে পারবেন তারা। পাশাপাশি আপলোড করা যাবে ১০৮০ পিক্সেলের ভিডিও।
আইএ/ ১২ ডিসেম্বর ২০২২









