পশ্চিমবঙ্গ

ভোটের আগে রাজ্যে ৩৬৫ জারি হতে পারে, ইঙ্গিত বাবুল সুপ্রিয়র

কলকাতা, ২০ নভেম্বর- ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোকে অপরাধের ডেটা দিচ্ছে না রাজ্য। আইনশৃঙ্খলা, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে৷ বিজেপি কর্মীদের খুন হয়েছে৷ এমনটা চলতে থাকলে ভোটের আগে রাজ্যে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন৷ তারই ইঙ্গিত দিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়৷

সংবাদসংস্থা এএনআই-কে বাবুল বলেছেন, ‘দিনের পর দিন বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে৷ দিদি যদি মনে করেন যে কেন্দ্রে দুর্বল সরকার রয়েছে তাহলে বিরাট বড় ভুল করছেন৷ বিজেপি-কে কিছু করতে হবে না, এরকম হিংস্র সরকারের জন্য কী দাওয়াই প্রয়োগ করতে হবে তা সংবিধানেই বলা আছে৷’

তবে শুধু ৩৫৬ ধারা জারি নয়, বাবুল সুপ্রিয় এ দিন আরও দাবি করেছেন, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ২০০-র বেশি আসন পাবে বিজেপি৷ তাঁর অভিযোগ, আশির বেশি কেন্দ্রীয় প্রকল্প রাজ্য সরকার চালু হতে দিচ্ছে না৷

বাবুলের বক্তব্য, বৌদ্ধিক, সাংস্কৃতিকভাবেই হোক বা স্বাধীনতা আন্দোলনে, বারবার দেশকে নেতৃত্ব দিয়েছে বাংলা। এই রাজ্যের মানুষের প্রাপ্য অনেক বেশি। অথচ বর্তমান সরকার বারবার সংবিধান লঙ্ঘন করছে। কেন্দ্রের সঙ্গে তথ্য শেয়ার করছে না, ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোকে অপরাধের ডেটাও দিচ্ছে না। আইনশৃঙ্খলা, স্বাস্থ্য ব্যবস্থা বলে আর কিছু নেই। তৃণমূল ভয় পাচ্ছে তাই রাজ্যজুড়ে হিংসা চলছে। মমতাই এর পিছনে আছেন তাই অশান্তি বন্ধ হচ্ছে না।

আগামী বছরের শুরুতেই রাজ্যে বিধানসভা ভোট। একুশের ভোটে বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। প্রস্তুতিতে এক ইঞ্চিও ফাঁক-ফোকর রাখতে চাইছেন না বিজেপি নেতারা। ইতিমধ্যেই বাংলায় বিজেপির সহকারি পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যকে।

কৈলাশ বিজয়বর্গীয়ের সঙ্গে তিনিও এরাজ্যে দলের কাজ দেখছেন। বাংলায় বিজেপি আইটি সেলের দায়িত্বও মালব্যকে নিতে বলেছেন মোদী-শাহরা। বাংলাকে ৫টি জোনে ভাগ করে এলাকাভিত্তিক জনসংযোগ বাড়ানোর কর্মসূচি নিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা।

সূত্র: কলকাতা২৪x৭

আর/০৮:১৪/২০ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language