পশ্চিমবঙ্গকে ৫ জোনে ভেঙে ভোট-যুদ্ধে বিজেপি

কলকাতা, ১৭ নভেম্বর- পাখির চোখ একুশের বিধানসভা ভোট। বিহার জয়ের পর বাংলাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন মোদী-শাহরা। ইতিমধ্যেই রাজ্যে ঘুরে গিয়েছেন অমিত শাহ। মঙ্গলবার রাজ্য বিজেপির বিশেষ বৈঠকে ফের নয়া সিদ্ধান্ত। নির্বাচনী কৌশল বাস্তবায়িত করতে বিশেষ টিম গড়ল রাজ্য বিজেপি। রাজ্যকে ৫টি জোনে ভাগ করে ভোট-যুদ্ধে ঝাঁপাচ্ছে গেরুয়া শিবির।
এদিনের বৈঠকে বাংলাকে মোট ৫ ভাগে ভাগ করে পরিকল্পনা সাজিয়েচে বিজেপি। জানা গিয়েছে, এই ৫ জোনের দায়িত্ব দেওয়া হবে ৫ কেন্দ্রীয় নেতাকে। বিজেপির ‘বাংলা-জয়ের’ পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে ৫ জোনের দায়িত্বে থাকছেন সুনীল দেওধর, বিনোদ সোনকার, দুষ্মন্ত গৌতম, হরিশ দ্বিবেদী, বিনোদ তাওরে-রা। জেলা কমিটিগুলির সঙ্গে বসে জোনভিত্তিক দলের কর্মসূচি পরিচালনা করার দায়িত্ব থাকবে এই কেন্দ্রীয় নেতাদের উপর।
একুশের ভোটে বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। প্রস্তুতিতে এই ইঞ্চিও ফাঁক-ফোকর রাখতে চাইছেন না বিজেপি নেতারা। ইতিমধ্যেই বাংলায় বিজেপির সহকারি পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যকে। কৈলাশ বিজয়বর্গীয়ের সঙ্গে তিনিও এরাজ্যে দলের কাজ দেখবেন। বাংলায় বিজেপি আইটি সেলের দায়িত্বও মালব্যকে নিতে বলেছেন মোদী-শাহরা।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, বাংলাকে ৫টি জোনে ভাগ করে এলাকাভিত্তিক জনসংযোগ বাড়ানোর কর্মসূচি নেবেন কেন্দ্রীয় নেতারা। সমাজের সবস্তরের মানুষের কাছে পৌঁছে যাওয়াই হবে তাঁদের লক্ষ্য। দলের কাজ নিয়ে তাঁরা বিস্তারিত রিপোর্ট পাঠাবেন দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের কাছে। সেই রিপোর্ট দেখেই পরবর্তী রণকৌশল ঠিক করে দেবেন শীর্ষ নেতারা।
সূত্র: কলকাতা২৪x৭
আর/০৮:১৪/১৭ নভেম্বর









