পশ্চিমবঙ্গ

‘গা-জোয়ারি’ নয়, ‘স্বচ্ছ ভাবমূর্তিকেই’ প্রাধান্য; পঞ্চায়েতের আগে শুভেন্দু-গড়ে বাড়তি নজর অভিষেকের

কলকাতা, ২৩ আগস্ট – গত বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের দিকে নজর ছিল সকলের। হাইভোল্টেজ নন্দীগ্রামের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক হয়েছেন শুভেন্দু অধিকারী। এবার সেই পূর্ব মেদিনীপুরের জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে সাফ বার্তা দিয়েছেন জেলার নেতাদের। স্পষ্ট বলা হয়েছে, নির্বাচনে কোনওরকম গা-জোয়ারি করা চলবে না। তাতে যদি দুই-চারটে আসনে দলকে হারতেও হয়, কোনও ব্যাপার নয়। মঙ্গলবারের বৈঠক থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার কথাই জানিয়েছেন জেলার তৃণমূল নেত্রী ফিরোজা বিবি। সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, আর তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা।

শুধু তাই নয়, এর পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য দেওয়া হবে বলেই এদিনের বৈঠকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, সম্প্রতি প্রতিটি জেলা ধরে ধরে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার পশ্চিম মেদিনীপুরের দুই সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এদিন পূর্ব মেদিনীপুর জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গও উঠে এসেছে বলে খবর। পূর্ব মেদিনীপুরে যে লোকসভা আসনগুলি রয়েছে, সেখানে লড়াই আরও জোরদার করার কথা বলা হয়েছে। মূলত ২০২৪ সালের লোকসভার নির্বাচনের আগে দলীয় সংগঠনকে ঢেলে সাজানোরও বার্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি হলদিয়া পুর নির্বাচনের উপরেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সূত্রের খবর, পুর ভোটের আগেই হলদিয়া যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল নেতা সৌমেন মহাপাত্র জানিয়েছেন, তিনি আমাদের এই বার্তাই দিয়েছেন যে সামনেই পঞ্চায়েত নির্বাচন এবং আগামী দিনে ২০২৪ সাল, তা আমাদের কাছে একটি অগ্নিপরীক্ষা। সবটা মাথায় রেখে আমাদের সংগঠন আরও ঢেলে সাজাতে হবে। মানুষের কাছে আরও বেশি করে পৌঁছতে হবে। মানুষের সঙ্গে সংযোগ স্থাপনকে আরও দৃঢ় করতে হবে।”

সূত্র: টিভিনাইন
এম ইউ/২৩ আগস্ট ২০২২


Back to top button
🌐 Read in Your Language