বরিশাল

বরিশালে ধর্ষণ মামলার হাজতির ‘আত্মহত্যা’

সাইফুর রহমান মিরণ

বরিশাল, ১৪ নভেম্বর- বরিশাল কেন্দ্রীয় কারাগারের শৌচাগারে হানিফ খলিফা (৪০) নামের এক কয়েদি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিজের বাক্‌প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনি কারাগারে ছিলেন।

শনিবার ভোররাত তিনটার দিকে কারা কর্তৃপক্ষ জানতে পারে হানিফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মৃত হানিফ খলিফা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধুখালী এলাকার আলী মোহাম্মদ খলিফার ছেলে। তিনি বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন চৌহুতপুর এলাকার বাসিন্দা ছিলেন।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, কয়েক দিন আগে ডিএনএ টেস্টের জন্য হানিফ কারাগারের বাইরে গিয়েছিলেন। এরপর তিনি কারাগারে আসলে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়।

শনিবার ভোররাত তিনটার দিকে হানিফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

গত ৩০ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানায় হানিফ খলিফার স্ত্রী নিজের বাক্‌প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

যে মামলায় গত ১ অক্টোবর থেকে বরিশাল কেন্দ্রীয় কাোগারে হাজতি হিসেবে আছেন হানিফ হাওলাদার।

জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, হানিফ মশারি ছিঁড়ে তা দিয়ে রশি বানিয়ে শৌচাগারের পানির পাইপ লাইনের সঙ্গে ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সকালে তার মৃতদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সূত্র: দেশ রুপান্তর

আর/০৮:১৪/১৪ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language