টলিউড

পরমব্রতের নায়িকা হচ্ছেন কৃতী

কলকাতা, ১২ নভেম্বর- অ্যামাজ়ন প্রাইমের জন্য নতুন একটি সিরিজ পরিচালনা করতে যাচ্ছেন নির্মাতা দেবালয় ভট্টাচার্য। সিরিজটির নাম ‘দ্য গার্ল’। এই সিরিজটির মাধ্যমে হিন্দি সিরিজে প্রথমবারের মত অভিষেক ঘটতে যাচ্ছে নির্মাতার। সিরিজটিতে শো-রানার হিসেবে থাকছেন অরিন্দম মিত্র, যিনি বলিউডের অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘ব্ল্যাক ফ্রাইডে’ ছবি প্রযোজনা করেছিলেন।

‘দ্য গার্ল’সিরিজটির মুখ্য ভূমিকায় থাকছেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, সিরিজটিতে পরমব্রতের নায়িকা হচ্ছেন বলিউড অভিনেত্রী কৃতী খারবান্দা। এছাড়াও এতে আরও অভিনয় করবেন বিনয় পাঠক এবং জ়রিনা ওয়াহাব।

এর আগে দেবালয়ের পরিচালনায় ‘রোগা হওয়ার সহজ উপায়’ ছবিতে কাজ করেছেন পরমব্রত। তবে সিরিজ়ের গল্প সম্পর্কে এখনই বিশেষ কিছু জানা যাচ্ছে না।

জানা যায়, আগামী বছরের শুরুতে সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কলকাতার পাশাপাশি দেশের উত্তর-পূর্বের কোনও শহরেও হবে সিরিজ়ের শুটিং।

আডি/ ১২ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language