বুয়েটে ভর্তির চূড়ান্ত পরীক্ষা আজ

ঢাকা, ১৬ জুন – বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকে চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ (শনিবার)। বুয়েট ক্যাম্পাসে দুই শিফটে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা, এতে অংশগ্রহণ করবেন ৬ হাজার পরীক্ষার্থী।
প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয় শিফট বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত পরীক্ষায় প্রতি শিফটে ৩ হাজার করে মোট ৬ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন, প্রাথমিক বাছাইয়ের ফল ঘোষণার দিনেই এ তথ্য জানিয়েছে বুয়েট।
এর আগে গত ৪ জুন বুয়েটে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী (প্রাথমিক বাছাই) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি, স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট আসনসংখ্যা ১ হাজার ২৭৯।
অনলাইনের মাধ্যমে গত ১৬ এপ্রিল সকাল ১০টা থেকে বুয়েটের স্নাতক ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়। আবেদন চলে ২৫ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত। মুঠোফোন বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ২৬ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত আবেদন ফি জমা দেন শিক্ষার্থীরা। ‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগগুলো এবং নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগ) আবেদন, প্রাক্-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ ১ হাজার টাকা এবং ‘খ’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগগুলো, নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগে) ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন করেন শিক্ষার্থীরা।
আগামী ৬ জুলাই চূড়ান্ত নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে বুয়েট।
সূত্র : আরটিভি
এম এস, ১৬ জুন







