ঢালিউড

আঁচল এবার যমজ ভূতের গল্পে

ঢাকা, ০৭ নভেম্বর- সময়টা বেশ ভালো যাচ্ছে চিত্রনায়িকা আঁচল আঁখির। করোনার বিরতি কাটিয়ে চমক দিয়েই যাচ্ছেন এই সুন্দরী। চুক্তিবদ্ধ হচ্ছেন একের পর এক নতুন সিনেমায়। তবে সমালোচনা হচ্ছে চারদিকে। কাজের মানকে গুরুত্ব না দিয়ে কেবল সংখ্যাই বাড়াচ্ছেন না তো?

সে জবাব সময় দেবে। আপাতত এ নায়িকা দিলেন আরও এক নতুন সিনেমার খবর। ‘যমজ ভূতের গল্প’ শিরোনামের একটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এখানে আঁচলের নায়ক নবাগত মঈন খান।

‘যমজ ভূতের গল্প’ সিনেমার পরিচালক মিজানুর রহমান লাবু। নিজের গল্প এবং চিত্রনাট্যে তিনি নির্মাণ করতে যাচ্ছেন এই সিনেমাটি। প্রযোজনা করছে রুশদা ফিল্মস। আগামী ২৩ নভেম্বর গান দিয়ে শুটিং শুরু হতে যাচ্ছে এ সিনেমার।

এ প্রসঙ্গে মিজানুর রহমান লাবু বলেন, ‘ব্যতিক্রমী একটি ছবি হতে যাচ্ছে ‘যমজ ভূতের গল্প’। আমার ছবির গল্পের ধরন বরাবরই ভিন্ন। আঁচল মিষ্টি মেয়ে এ সময়ে ভালোই কাজ করছে। তার কাজের আগ্রহ চিন্তা ভাবনা সব কিছু ভালো লেগেছে। এক গল্পে অনেক গুলো চরিত্র করবে সে। থাকবে চমকও।’

আঁচল বলেন, ‘ভূতের গল্পে এর আগে কাজ করা হয়নি। গল্পটা দারুণ তাই প্রস্তাব পেতেই লুফে নেই। গল্পে নতুনত্ব আছে। দারুণ একটা টিম আছে এই সিনেমার পিছনে। এ ছবি দিয়ে প্রথমবার লাবু ভাইয়ের পরিচালনায় কাজ করতে যাচ্ছি। আমি অভিভূত। আশা করছি, খুব ভালো একটি কাজ হবে। দর্শকের ভালো লাগবে। আপনাদের সবার দোয়ায় বিরতি ভেঙ্গে ফিরে এরইমধ্যে কয়েকটি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেছি। এখন থেকে নিয়মিত চলচ্চিত্রে পাওয়া যাবে। আর বিরতি নয়।’

বিরতি ভেঙ্গে ফিরেই আঁচল এরইমধ্যে শেষ করেছেন ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত ‘চিত্রকার’ ও গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবার পরিচালিত ‘আয়না’ সিনেমার শুটিং। আগামী ২৮ নভেম্বর অংশ নিবেন ফরিদুল হাসান পরিচালিত ‘কর্পোরেট’ ওয়েব চলচ্চিত্রের শুটিংয়ে। মুক্তির অপেক্ষায় রয়েছে মিজানুর রহমান মিজান পরিচালিত আঁচল অভিনীত ‘রাগী’ সিনেমাটি।

আডি/ ০৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language