দক্ষিণ এশিয়া

ভারত থেকে ১৫০ কোটি ডলার নতুন ঋণ চাইছে শ্রীলঙ্কা

কলম্বো, ২৯ মার্চ – ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। তাই নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ভারতের কাছে ১৫০ কোটি মার্কিন ডলারের নতুন ঋণসীমা চেয়েছে দেশটির সরকার। সোমবার শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাস মহামারির কারণে পর্যটনখাত ও প্রবাসী আয় ধাক্কা খাওয়ায় সম্প্রতি দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রা বিনিময়ের সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। এ অবস্থায় দেশটিতে মারাত্মক অর্থনৈতিক ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। খবর রয়টার্সের

দেশটিতে ফিলিং স্টেশনের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে হাজারও মানুষকে। এই লাইনে দাঁড়িয়ে কয়েকজন মারাও গেছেন। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। মুদ্রা বিনিময় সংকটের কারণে আমদানি বিধিনিষেধ থাকায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যেরও স্বল্পতা দেখা দিয়েছে।

এ অবস্থায় দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। বিদেশি দেনা পরিশোধ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা সরকার।

চলতি মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষে নয়াদিল্লি সফর করেন। তখন আমদানি করা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম পরিশোধে দেশটিকে অতিরিক্ত ১০০ কোটি ডলার ঋণ সহায়তার আশ্বাস দিয়েছিল ভারত। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সেটি বাড়িয়ে নতুন ঋণসীমা ১৫০ কোটি ডলার করার জন্য অনুরোধ জানাচ্ছে শ্রীলঙ্কা সরকার।

এক অনলাইন সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিত নিভার্দ কেবরাল বলেন, এই ১৫০ কোটি ডলার অর্থ সহায়তার ব্যাপারে অত্যন্ত নিবিড়ভাবে আলোচনা চলছে। তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সহায়তার মধ্য দিয়ে এ ঋণ দেওয়ার কথা বলা হচ্ছে।

শ্রীলঙ্কার ভবিষ্যৎ অগ্রগতির পথে সঙ্গী হবে ভারত, এও যোগ করেন তিনি।

সূত্র: সমকাল
এম ইউ/২৯ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language