যুক্তরাষ্ট্রের পরমাণু নিরস্ত্রীকরণ প্রস্তাব নাকচ করে সক্ষমতা বৃদ্ধির ঘোষণা উত্তর কোরিয়ার

পিয়ংইয়ং, ৩১ আগস্ট – যুক্তরাষ্ট্রের পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে নিজেদের পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে পিয়ংইয়াং। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ওয়াশিংটনের বৈরী নীতির কোনো পরিবর্তন না হওয়ায় জাতীয় সার্বভৌমত্ব ও রাজনৈতিক ব্যবস্থা টিকিয়ে রাখতে পারমাণবিক অস্ত্রই তাদের প্রধান অবলম্বন।
এই সামরিক শক্তি বৃদ্ধির প্রক্রিয়া তারা অব্যাহত রাখবে। বিবৃতিতে ওয়াশিংটনের তীব্র সমালোচনা করে পিয়ংইয়াং জানিয়েছে, যুক্তরাষ্ট্র একদিকে পরমাণু নিরস্ত্রীকরণের চাপ দিচ্ছে, অন্যদিকে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সমালোচনা করছে।
এছাড়া দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়ার মাধ্যমে অঞ্চলে ক্রমাগত সংঘাতময় পরিস্থিতি তৈরির অভিযোগও তুলেছে দেশটি। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ট্রাম্প প্রশাসন এসব সংঘাতমূলক পদক্ষেপের মাধ্যমে তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ইচ্ছা করেই হুমকির মুখে রাখতে চাচ্ছে।
যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বৈরিতাপূর্ণ নীতি আবারও পরিষ্কার হয়ে উঠেছে। মুখপাত্র আরও জানান, যুক্তরাষ্ট্রের বর্তমান আচরণের কারণে উত্তেজনা কমার সুযোগ নেই এবং শান্তি আশা করা নিরর্থক। ওয়াশিংটনের প্রতি পিয়ংইয়াংয়ের নীতি আগের মতোই কঠোর থাকবে। উত্তর কোরিয়ার মতে, পারমাণবিক অস্ত্র কোনো দরকষাকষির বিষয় নয়, বরং এটি সার্বভৌমত্ব রক্ষার অন্যতম গ্যারান্টি। যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক, এই সক্ষমতা বিন্দুমাত্র কমানো হবে না।
এস এম/ ৩১ আগস্ট ২০২৬









