এশিয়া

মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে বেইজিংয়ের কড়া হুঁশিয়ারি

বেইজিং, ২৯ আগস্ট – ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক আর্থিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে বলে সর্তক করেছে চীন। বেইজিং জানিয়েছে, এই ধরনের নিষেধাজ্ঞা যুদ্ধ পরিস্থিতির সমাধানে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

চীনের পক্ষ থেকে ইরানের প্রতি তাদের নিরবচ্ছিন্ন সমর্থন পুনরায় ব্যক্ত করা হয়েছে। তেহরান সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় চীনের লজিস্টিক কোম্পানি ক্যামেং ট্রেডিং এর নাম অন্তর্ভুক্ত করার প্রেক্ষিতে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের প্রেস সেক্রেটারি লিউ চ্যাং এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো অনুমোদন ছাড়াই যে ধরনের বেআইনি ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, বেইজিং তার তীব্র বিরোধিতা করে। বেইজিং এর আগেও বহুবার তাদের এই অবস্থানের কথা স্পষ্টভাবে তুলে ধরেছে।

লিউ চ্যাং আরও উল্লেখ করেন যে, অর্থনৈতিক যুদ্ধ বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি কখনোই কোনো সংকট নিরসনে সমাধান দিতে পারে না। বরং এই ধরনের পদক্ষেপ কেবল উত্তেজনা বৃদ্ধি করে এবং ঝুঁকি ছড়িয়ে পড়ার পরিবেশ তৈরি করে।

এর ফলে বিশ্ব অর্থনীতি ও আর্থিক ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয় এবং বিভিন্ন দেশের বৈধ অধিকার ও স্বার্থ ক্ষুণ্ন হয়। বর্তমানে উদ্ভূত পরিস্থিতি নিরসনে সবচেয়ে বড় প্রয়োজন হলো দ্রুততম সময়ে আলোচনার টেবিলে ফিরে আসা এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করা। চীন তার জাতীয় স্বার্থ এবং অধিকার রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এস এম/ ২৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language