মধ্যপ্রাচ্য
হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

তেহরান, ৩১ আগস্ট – ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালির আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করার দাবি করেছে। সোমবার ভোরে এই ঘটনা ঘটে বলে ইরানের এই সামরিক বাহিনী দাবি করেছে।
আইআরজিসির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায় যে তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মার্কিন দূরপাল্লার ওই ড্রোনটিকে শনাক্ত করা হয়। পরে আইআরজিসির সতর্ক যোদ্ধারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ড্রোনটিতে আঘাত হানেন। এতে ড্রোনটি বিধ্বস্ত হয়ে পারস্য উপসাগরে পড়ে যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে ইরানি যোদ্ধাদের প্রতি জনগণের জোরালো সমর্থন তাদের এই অব্যাহত কার্যক্রমে সহায়ক হচ্ছে। তবে আইআরজিসির এই দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এস এম/ ৩১ আগস্ট ২০২৬







