দক্ষিণ এশিয়া

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি টাকার স্বর্ণসহ ৫ বাংলাদেশি গ্রেফতার

মুম্বাই, ৩১ আগস্ট – ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি স্বর্ণসহ পাঁচ বাংলাদেশি ট্রানজিট যাত্রীকে গ্রেফতার করেছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। উদ্ধারকৃত ৬ দশমিক ৮৫ কেজি স্বর্ণের বাজারমূল্য প্রায় ১১ কোটি রুপি।

এই ঘটনায় একটি বেসরকারি বিমান সংস্থার এক গ্রাউন্ড স্টাফকেও আটক করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে যে গত শনিবার পরিচালিত এক বিশেষ অভিযানে এই স্বর্ণ জব্দ করা হয়। ডিআরআইয়ের মুম্বাই আঞ্চলিক ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন মিডনাইট গোল্ডস্ট্রাইক নামে এই অভিযানটি পরিচালনা করে।

গ্রেফতার ব্যক্তিরা মুম্বাইকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে স্বর্ণ পাচারের একটি বড় চক্রের সদস্য বলে গোয়েন্দারা ধারণা করছেন। অভিযান চলাকালীন বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সন্দেহভাজন ওই গ্রাউন্ড স্টাফকে আটক করেন কর্মকর্তারা। তার শরীর তল্লাশি করে মোমের মধ্যে লুকানো ২৪ ক্যারেট স্বর্ণের গুঁড়াসহ সাতটি ক্যাপসুল উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরও কয়েকজনকে শনাক্ত করা হয় এবং তাদের কাছ থেকে আরও নয়টি ক্যাপসুল উদ্ধার করা হয়। ডিআরআই জানায় যে এই চক্রটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই, থাইল্যান্ডের ব্যাংকক এবং মালদ্বীপের মালে থেকে যাত্রীদের মাধ্যমে স্বর্ণ পাচার কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই পাচার নেটওয়ার্কের সাথে আর কারা জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

এস এম/ ৩১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language