ক্রিকেট

লর্ডস টেস্টে ব্যর্থতায় বাবর আজমের কড়া সমালোচনা করলেন বাসিত আলী

লন্ডন, ৩১ আগস্ট – ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে বড় ব্যবধানে পরাজয়ের পর পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমকে নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার বাসিত আলী। বড় ম্যাচে বাবর নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হওয়ায় তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান।

লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম মাত্র ৬ রানে সাজঘরে ফেরেন। এর আগে প্রথম ইনিংসেও তার ব্যাট থেকে এসেছিল মাত্র ৮ রান। শেষ পর্যন্ত ১৯৪ রানের বিশাল ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজে ২-০ তে পিছিয়ে পড়ে পাকিস্তান।

বাসিত আলী মনে করেন, প্রতিকূল সময়ে দলের হাল ধরাই একজন বড় খেলোয়াড়ের মূল পরিচয়। দেশের কিংবদন্তি ক্রিকেটারদের উদাহরণ টেনে তিনি প্রশ্ন করেন যে, বিপদের সময় যিনি দলের কাণ্ডারি হতে পারেন না তাকে বড় খেলোয়াড় বলা কতটা যুক্তিযুক্ত। বাবরের পারফরম্যান্স সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক কি না এমন প্রশ্নও তোলেন তিনি।

২০২২ সালের ডিসেম্বরের পর থেকে টেস্ট ক্রিকেটে কোনো সেঞ্চুরি করতে পারেননি বাবর আজম। গত ১৬টি টেস্টে তার গড় রান ৩০.৫৩। বাবর ছাড়াও দলের অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বাসিত।

সৌদ শাকিল ৯৭ রান করে গুরুত্বপূর্ণ সময়ে আউট হওয়া এবং মোহাম্মদ রিজওয়ানের মাত্র ১ রানে বিদায় নেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান।

এস এম/ ৩১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language