জাতীয়

১২ কোটি ৮৭ লাখ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

ঢাকা, ৩১ আগস্ট – আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবারের তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। যারা সবাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

সোমবার বিকেলে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। সচিব জানান যে, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদেরকে নতুন এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হালনাগাদ প্রক্রিয়ার ফলে ভোটার সংখ্যায় ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন বৃদ্ধি পেয়েছে।

মোট ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এছাড়া তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর দাবি, আপত্তি ও সংশোধনের যাবতীয় আবেদন নিষ্পত্তি করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং ২৪ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণের পর তা ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হয়।

এসব সিদ্ধান্তের ভিত্তিতে হালনাগাদ করা চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করা হলো। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী নভেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী ভোটের অন্তত ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হয়।

সেই হিসেবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে এবং ধাপে ধাপে পৌরসভা, উপজেলা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এস এম/ ৩১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language