ইসলামমধ্যপ্রাচ্য
মসজিদে হারাম ও নববিতে ইতিকাফে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রিয়াদ, ২৩ মার্চ – করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে ইতিকাফ পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে চলতি বছরে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি সরকার। এর ফলে এ বছর ইতিকাফ করতে পারবেন মুসল্লিরা।
বুধবার (২৩ মার্চ) সৌদি গ্যাজেটে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে মসজিদ দুটির জেনারেল প্রেসিডেন্সির প্রধান ড. আবদুল রহমান আল-সুদাইস বলেছেন, শিগগিরই সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অনুমতি দেওয়া শুরু হবে। তবে নির্দিষ্ট শর্ত ও নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে অনুমতি দেওয়া হবে।
উল্লেখ্য, ইসলামি শরিয়ত মোতাবেক, রমজান মাসের শেষ ১০ দিন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সওয়াবের উদ্দেশ্যে মসজিদে অবস্থান ও ইবাদত করাই হলো ইতিকাফ। এই দুটি মসজিদে প্রায় ১ লাখ মুসল্লি ইতিকাফ পালন করেন বলে জানা গেছে।
সূত্র : আরটিভি
এম এস, ২৩ মার্চ









