জাতীয়

দেশের ৪ বিভাগে শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকা, ২২ এপ্রিল – দেশের চারটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুএক জায়গায় এ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলাসহ সম্পূর্ণ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এসব অঞ্চলেও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে বিরাজমান তাপপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এনএন/ ২২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language