ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠানোর খবর নাকচ করল ইরান

তেহরান, ২১ এপ্রিল – ইসলামাবাদে কোনো প্রতিনিধি দল পাঠানোর খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের পক্ষ থেকে টেলিগ্রাম চ্যানেলে এক বার্তার মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। ওই বার্তায় বলা হয়, উচ্চপর্যায় থেকে শুরু করে কোনো ধরনের প্রাথমিক বা অনুবর্তী প্রতিনিধি দল এখন পর্যন্ত পাকিস্তানে যায়নি।
বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদমাধ্যমে ইরানের প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর নিয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে, সেগুলোকে গুজব হিসেবে আখ্যায়িত করেছে তেহরান। এর মাধ্যমে ইরানি কর্মকর্তাদের পূর্বের অবস্থানকেই পুনরায় নিশ্চিত করা হলো।
বিশেষ করে দেশটির পার্লামেন্ট স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাঘের কালিবাফ এর আগে স্পষ্ট জানিয়েছিলেন যে, কোনো ধরনের হুমকির মুখে দাঁড়িয়ে তেহরান আলোচনায় বসবে না। মূলত নিজেদের অবস্থান অটল রেখে আলোচনার প্রস্তাব নাকচ করেছে ইরান।
এস এম/ ২১ এপ্রিল ২০২৬









