মধ্যপ্রাচ্য

ট্রাম্প আলোচনাকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চান: ইরান

তেহরান, ২১ এপ্রিল – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার আড়ালে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছেন বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি পুনরায় ইরানে সামরিক অভিযান শুরু করে তবে ইরান যুদ্ধক্ষেত্রে নতুন রণকৌশল প্রদর্শন করবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ঘালিবাফ উল্লেখ করেন যে ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে রূপান্তর করতে চাইছেন। কোনো প্রকার হুমকির মুখে ইরান আলোচনায় বসবে না এবং এমন প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য নয় বলেও তিনি সাফ জানিয়ে দেন।

গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে শান্তিচুক্তির লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠক হলেও কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি। ২১ ঘণ্টার টানা আলোচনার পর কোনো চুক্তি ছাড়াই শেষ হয় সেই বৈঠক।

এদিকে ইসলামাবাদে সংলাপ ব্যর্থ হওয়ার পর ট্রাম্প মার্কিন বাহিনীকে হরমুজ প্রণালি ও ইরানের বন্দরে অবরোধ জারির নির্দেশ দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে চুক্তি স্বাক্ষরিত না হলে ২২ এপ্রিল সন্ধ্যা থেকে পুনরায় অভিযান শুরু হবে।

বিপরীতে ঘালিবাফ জানিয়েছেন যে বিগত দুই সপ্তাহ ইরান নিষ্ক্রিয় ছিল না এবং যুদ্ধের জন্য তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে।

এনএন/ ২১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language