মধ্যপ্রাচ্য

হজে যাতায়াত নির্বিঘ্ন করতে সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা

রিয়াদ, ২১ এপ্রিল – আসন্ন হজ মৌসুমকে কেন্দ্র করে আকাশ, রেল, সড়ক ও সমুদ্রপথ সমন্বয়ে এক বিশাল পরিবহন পরিকল্পনা গ্রহণ করেছে সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ হজযাত্রীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে দেশটির পরিবহন ও লজিস্টিক সিস্টেমকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সৌদি পরিবহন ও লজিস্টিক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, এবারের হজে হজযাত্রীদের জন্য বিমানগুলোতে ৩১ লাখের বেশি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

এই বিশাল সংখ্যক যাত্রী পরিবহনে ১২ হাজারেরও বেশি নিয়মিত ও চার্টার্ড ফ্লাইট কাজ করবে। ছয়টি প্রধান বিমানবন্দরে সেবার জন্য নিয়োজিত থাকবেন ২২ হাজার কর্মী। হাজিদের বিশেষ সুবিধায় ব্যাগহীন যাত্রী সেবা বা ব্যাগেজ ফ্রি ট্রাভেলার সেবা চালু হয়েছে। এর মাধ্যমে হাজিরা তাদের থাকার জায়গা থেকেই সরাসরি লাগেজ পাঠানোর সুযোগ পাবেন। সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া ১০ লাখ এবং বাজেট এয়ারলাইন ফ্লাইনাস প্রায় দেড় লাখ হজযাত্রী পরিবহনের লক্ষ্য নির্ধারণ করেছে।

পবিত্র স্থানগুলোর মধ্যে যাতায়াতে রেল পরিষেবা মূল ভূমিকা পালন করবে। মিনা, মুজদালিফা ও আরাফাতের মধ্যে যাতায়াতে মাশায়ের ট্রেন ২ হাজারেরও বেশি ট্রিপ সম্পন্ন করবে। এতে প্রায় ২০ লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এছাড়া মক্কা ও মদিনার মধ্যে হারামাইন হাই স্পিড রেলওয়ে ৫ হাজার ৩০৮টি ট্রিপে ২২ লাখ আসন সেবা দেবে।

সড়কপথের নিরাপত্তায় ব্যাপক সংস্কার কাজ চালানোর পাশাপাশি ৩৩ হাজার বাস এবং ৫ হাজার ট্যাক্সি প্রস্তুত রাখা হয়েছে। সমুদ্রপথে হজযাত্রীদের গ্রহণে জেদ্দা ইসলামিক পোর্টে বিশেষ টিম গঠন করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি সেন্টার চব্বিশ ঘণ্টা কাজ করবে। বিমানবন্দর ও হাসপাতালের মতো জনবহুল এলাকায় যাতায়াতের জন্য ইলেকট্রিক স্কুটার ও মোটরবাইক ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এস এম/ ২১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language