‘বাইরের লোককে বাংলা মানবে না’, শাহকে আক্রমণ মমতার

কলকাতা, ৫ নভেম্বর- নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। ৩ দিনের রাজ্য সফরে এসে বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। নবান্নের সাংবাদিক বৈঠকে তারই পাল্টা মুখ্যমন্ত্রীর। বিজেপির শীর্ষ নেতা অমিত শাহের নাম না করেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উঠিয়ে ফেলে দেব বলছে, ভদ্রতা বজায় রাখুন। বাইরের লোককে বাংলার মানুষ মেনে নেবেন না।’’
বৃহস্পতিবার বাঁকুড়ায় পৌঁছে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যের সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে বলে তোপ দেগেছেন শাহ।
রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ আরও বলেন, ‘‘মোদী সরকারের যাবতীয় প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাচ্ছেন না। কৃষকরা কিছু পাননি, স্বাস্থ্যের সুবিধা পাচ্ছেন না রাজ্যবাসী। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। কেন্দ্রের যোজনা মানুষের কাছে পৌঁছোলে তাঁর সরকারের ভীত নড়ে যাবে। মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে।’’
নবান্নে সাংবাদিক বৈঠকে অমিত শাহের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দুষে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘উঠিয়ে ফেলে দেব বলছে, ভদ্রতা বজায় রাখুন। বাইরের লোককে বাংলার মানুষ মেনে নেবেন না।’’
এদিন আবারও কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারকে এড়িয়ে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রাজ্যকে হয়রান করা হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
সূত্র: কলকাতা২৪x৭
আর/০৮:১৪/৫ নভেম্বর









