মধ্যপ্রাচ্য

ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ অবসান চায় তুরস্ক

আঙ্কারা, ১৯ মার্চ – ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধের অবসান চায় তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ অবসানে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আঙ্কারা।

শনিবার ইব্রাহিম কালিন আরও বলেন, আমরা সবাই এই সংকট নিরসনের চেষ্টা করছি। যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের প্রেসিডেন্ট এরদোয়ান দুইবার ফোনালাপ করেছেন। যুদ্ধের সমাপ্তি টানতে বিভিন্ন মতামতের পাশাপাশি সবাইকে এক করার চেষ্টা করছি আমরা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের পর থেকেই সংকট উত্তরণে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। পার্শ্ববর্তী দেশ বেলারুশে ইতোমধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। এছাড়া তুরস্কে মস্কো ও কিয়েভ প্রতিনিধিদের আলোচনা থেকে উল্লেখযোগ্য ফলাফল আসেনি।

সম্প্রতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে যেকোনও সময় অর্থবহ আলোচনায় বসতে প্রস্তুত আছেন তিনি। এরমধ্যে শনিবার ‘অবিলম্বে’ মস্কোর সঙ্গে অর্থবহ শান্তি ও নিরাপত্তা আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। এদিন জেলেনস্কি আরও বলেন, আগ্রাসন চালিয়ে রাশিয়ার করা ‘ভুলের’ ক্ষয়ক্ষতি সীমিত রাখার এটাই একমাত্র সুযোগ। তবে পুতিনের সঙ্গে জেলেনস্কির সরাসরি সাক্ষাতের আগ্রহ নিয়ে ক্রেমলিন থেকে এখনও সাড়া পাওয়া যায়নি।

এদিকে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কার্যালয় জানিয়েছে, এই যুদ্ধে রুশ বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে ১১২ শিশু।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১৯ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language