সংযুক্ত আরব আমিরাত সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

আবুধাবি, ১৯ মার্চ – সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। শুক্রবার সেখানে তার সঙ্গে আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠক অনুষ্ঠিত হয়।
২০১১ সালে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে আরব কোন দেশে এটি তার প্রথম সরকারি সফর। ইউএই’র রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এ বৈঠক হচ্ছে সিরিয়া ও ইউএই’র মধ্যে উষ্ণ সম্পর্কের সর্বশেষ ইঙ্গিত। ২০১২ সালের ফেব্রুয়ারিতে দামেস্কর সাথে ইউএই’র সম্পর্ক ভেঙ্গে যায়।
ডব্লিউএএম বার্তা সংস্থা জানায়, আসাদ ইউএই’র কার্যত: শাসক আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে সাক্ষাত করে এই দুই দেশের মধ্যে ‘ভ্রাতৃপ্রতিম সম্পর্ক’ গড়া নিয়ে আলোচনা করেন।
ওই বার্তা সংস্থা আরো জানায়, তারা আরব অঞ্চল ও মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তি জোরদারে অবদান রাখতে বিভিন্ন প্রচেষ্টা চালানো নিয়েও আলোচনা করেন।
সংস্থাটি জানায়, এই দুই নেতা সিরিয়ার ভূখণ্ডগত অখ-তা রক্ষার এবং দেশটি থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের বিভিন্ন উপায় নিয়েও আলোচনা করেন।
শেখ মোহাম্মাদ বলেন, তিনি আশা করেন এই সফর সিরিয়া ও পুরো অঞ্চলে ন্যায়নিষ্ঠতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার উপায় খুঁজে বের করে দেবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৯ মার্চ ২০২২









