ঢালিউড

কন্যা সন্তানকে সাথে নিয়ে দেখা দিলেন চিত্রনায়িকা জলি

ঢাকা, ০১ নভেম্বর- চিত্রনায়িকা ফালগুনি রহমান জলি মা হয়েছেন। গত ১৭ জুলাই রাজধানীর উত্তরার একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন সম্ভাবনাময়ী এই অভিনয়শিল্পী। রবিবার সকালে এ প্রতিবেদককে বিষয়টিকে জলি নিজেই নিশ্চিত করেছেন। মেয়ের নাম রেখেছেন সেহেমাত রহমান। এই মুহূর্তে জলি শ্বশুরবাড়ি ভৈরবে অবস্থান করছেন।

ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ চলচ্চিত্রটি সর্বশেষ মুক্তি পাওয়া ছবি জলির।

জলি এ প্রতিবেদককে বলেন, আল্লাহর অশেষ রহমতে আমি মা হয়েছি। আমার মেয়েকে নিয়ে এখন আমার চমৎকার সময় কাটছে। এখন আপনাদের সকলের দোয়া চাই।

এই খবর গণমাধ্যমের অন্তরালে থাকার কারণ প্রসঙ্গে জলি বলেন, আসলে আমি তো ঢাকায় থাকি না। আর যেহেত্রু আমার মেয়ে খুব ছোট , ভেবেছি ও বড় হোক তারপরে এই খবর সকলকে জানাবো। প্রত্যেক মেয়েই মা হওয়ার স্বপ্ন দেখে। আমি এই পৃথিবীতে সন্তান জন্ম দিতে পেরেছি, এর চেয়ে আনন্দের আর কিছু নেই আমার নিকট।

গত বছরের ১৯ মেয়ে জলির বিয়ের খবর প্রকাশ হয়। সেসময়ে তিনি বলেছিলেন, বিয়ে হয়নি আঙটি বদল হয়েছে। তবে এই ঘটনার পর একেবারে মা হবার খবর পাওয়া গেল।

জলির স্বামী আরাফাত রহমান কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা। রাজধানীর ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসে (ইউল্যাব) ব্যাচেলর পড়ছেন পাশাপাশি বাবার ব্যবসা দেখাশোনা করছেন। পাঁচ বছরের প্রণয় থেকে পরিণয়ের গড়া সম্পর্ক। এবার তাদের একেবারে বাবা-মা হবার খবর জানা গেল।

জলি অভিনীত প্রথম ছবি ‘অঙ্গার’। এতে জলির বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার ওম। এরপর আরিফিন শুভর সঙ্গে ‘নিয়তি’ ও শাহরিয়াজের সঙ্গে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবি দুটি মুক্তি পায়। সম্প্রতি কাজ শেষ করা তার ‘ডেঞ্জার জোন’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। ‘অফিসার রিটার্নস’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আছেন।

আর/০৮:১৪/১ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language