ইসলাম

যেভাবে অংশ নেওয়া যাবে কাবার গিলাফ তৈরিতে

সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিসহ মক্কা-মদিনার ধর্মীয় স্থাপত্যশৈলী নিয়ে চলছে ১০ দিনব্যাপী প্রদর্শনী। মদিনা নগরীর বুরাইদাহ নামক এলাকার কিং খালেদ কালচারাল সেন্টারে এর আয়োজন করেছে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনা পর্ষদ। এতে মক্কা ও মদিনার সম্মানিত স্থানগুলো নিয়ে বিভিন্ন কর্নার রাখা হয়।

গত ২২ ডিসেম্বর এই প্রদর্শনী আরম্ভ হয়েছে। জানা গেছে, মূলত মক্কা ও মদিনার সম্মানিত স্থানের ইতিহাস ও সাংস্কৃতিক কার্যক্রম সবার কাছে তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়। পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের জাদুঘর ও স্থাপত্য বিষয়ক প্রধান প্রকৌশলী মাহির বিন মুনসি আল জাহরানি সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

পবিত্র কাবা ঘরের কর্নার এর অন্যতম। এখানে কাবা ঘরের গিলাফ সেলাইয়ের ব্যবস্থাপনা প্রদর্শনীতে রাখা হয়েছে। পবিত্র কাবার গিলাফ সেলাইয়ের কার্যক্রমে অংশ নিতে পারবেন দর্শনার্থীরা।

এছাড়াও প্রদর্শনীতে আছে কাবা ঘরে ব্যবহৃত সুগন্ধি, পবিত্র কাবার গিলাফের অংশ বিশেষসহ অনেক গুরুত্বপূর্ণ বস্তু। এছাড়াও থ্রিডি প্রিন্টের সাহায্যে কাবা ঘরের তালা, মাকামে ইবরাহিম দেখা সুযোগ রয়েছে।

মদিনার অদূরে অবস্থিত এ প্রদর্শনীতে এসে কাবার ক্যালিগ্রাফার কর্নার দেখা যাবে। এখানে কাবা গিলাফের বাংলাদেশি বংশোদ্ভূত ক্যালিগ্রাফার শায়খ মুখতার আলমের ক্যালিগ্রাফি প্রদর্শনীতে রাখা হয়েছে।

এ ছাড়াও ভার্চুয়াল হাজরে আসওয়াদ কর্নার, জমজম পানি কর্নার, মসজিদ সম্প্রসারণের স্থিরচিত্রের কর্নার, পবিত্র কোরআন কর্নার, হারামাইল শরিফাইন লাইব্রেরি কর্নার ও ডিজিটাল কর্নার রয়েছে।

এম ইউ/৩০ ডিসেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language