ব্যবসা

দেশের বাজারে বাড়ল সোনার দাম, ভরিতে বৃদ্ধি ২১৫৮ টাকা

ঢাকা, ২১ মে – দেশের বাজারে টানা তিন দফা কমানোর পর আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। মানভেদে প্রতি ভরি সোনায় সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে। বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা করা হয়েছে।

এর আগে সবশেষ গত বুধবার বাজুস সোনার দাম সমন্বয় করেছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে যার মধ্যে ৩৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩১ বার কমানো হয়েছে।

এদিকে সোনার দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা ৫ হাজার ৬৫৭ টাকা এবং ২১ ক্যারেটের রূপা ৫ হাজার ৩৬৫ টাকায় বিক্রি হচ্ছে। ১৮ ক্যারেটের রূপার দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনএন/ ২১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language