বলিউড

ভিকি-ক্যাটরিনার বিয়েতে বলিউড তারকারা নেই কেন?

মুম্বাই, ১১ ডিসেম্বর – ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সাত পাকে বাঁধা পড়েছেন তারা।

এদিকে এই তারকা জুটির বিয়েতে বলিউডের প্রথম সারির কোনো অভিনয়শিল্পীকে দেখা যায়নি। ক্যাটরিনা ও ভিকি কী তাদের নিমন্ত্রণ জানাননি— এই নিয়ে চলছে নানা জল্পনা।

ভারতীয় সংবামাধ্যম সূত্রে জানা গেছে, করোনা মহামারির কারণে শুধুমাত্র ঘনিষ্ঠজন ও পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ভিকি-ক্যাটরিনা। বিয়েতে মাত্র ১২০ জন অতিথি ছিলেন। অন্যদিকে, মুম্বাইয়ে ফিরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন নবদম্পতি। সেখানে বলিউড তারকারা উপস্থিত থাকবেন। এজন্যই তাদের বিয়েতে বলিউড তারকাদের দেখা যায়নি।

‘কফি উইথ করন’ অনুষ্ঠানের ষষ্ঠ আসরে ভিকির সঙ্গে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ক্যাটরিনা। এরপর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মুখোমুখি হন তারা। অনুষ্ঠানের মঞ্চে মজা করে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দেন ভিকি। সামাজিক যোগযোগমাধ্যমে দৃশ্যটি ভাইরালও হয়। তখন থেকে তাদের নিয়ে আলোচনায় শুরু হয়।

এরপর গত বছর দীপাবলী উপলক্ষে আয়োজিত একটি পার্টিতে একসঙ্গে হাজির হন এই দুই তারকা। এ নিয়ে বলিপাড়ায় কানাকানিও হয়। তারপর একসঙ্গে নৈশভোজে গিয়ে প্রেমের গুঞ্জন আরো উসকে দেন তারা। প্রায়ই একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের। কিন্তু সব সময়ই প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে এসেছেন তারা।

অবশেষে রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। রাজকীয় এই বিয়ের অনুষ্ঠান ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। অনেকটা মিডিয়ার চোখ ফাঁকি দিয়েই বিয়ের কাজ সেরেছেন ভিকি-ক্যাটরিনা।

এন এইচ, ১১ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language