বলিউড

পাপারাজ্জিদের কাছে কেন ক্ষমা চাইলেন সারা?

মুম্বাই, ০১ ডিসেম্বর – নম্রতা দিয়ে আবারও নেটদুনিয়ার মন জয় করলেন বলিউডের উঠতি অভিনেত্রী সারা আলি খান।

নিজের দেহরক্ষীদের অপরাধের কারণে পাপারাজ্জিদের কাছে ক্ষমা চেয়ে ভক্তদের প্রশংসায় ভাসছেন এ নায়িকা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সারা অভিনীত ‘আতরাঙ্গি রে’ ছবির ‘ছকা ছক’ গানের মুক্তির অনুষ্ঠান ছিল গত সোমবার। এদিন মুম্বাই ভিলে পার্লের মিথিবাই কলেজে তার দেহরক্ষী ও পাপারাজ্জিদের মধ্যে ঝগড়া বেধে যায়।

একপর্যায়ে একজন পাপারাজ্জিকে ধাক্কা দিয়ে ফেলে দেন তার দেহরক্ষী। এ ঘটনায় সারা দেহরক্ষীর হয়ে পাপারাজ্জিদের কাছে ক্ষমা চান।

নায়িকার এ ক্ষমা চাওয়ার ভিডিওটি ইনস্ট্যান্ট বলিউড নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। আর মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও।

ভিডিওটিতে দেখা গেছে, সারা আলি খান তার গাড়ির দিকে যাচ্ছেন। আর তার দেহরক্ষীরা সবাইকে সরিয়ে দিচ্ছেন।

এর পর খুবই বিচলিত অবস্থায় সারা পাপারাজ্জিদের উদ্দেশে বলেন, যে পড়ে গেছে, সে কই?’ এর পর দেহরক্ষীকে বলেন, ‘কাকে ফেলে দিয়েছেন আপনি?’ পাপারাজ্জিদের ভেতর থেকে বলা হয়, ‘কেউ পড়ে যায়নি।’

সারা তখন আবার বলেন, ‘না না, যে পড়ে গেছে, তা হলে সে চলে গেছে।’

এর পর পাপারাজ্জিদের কাছে তিনি ক্ষমা চান। তিনি বলেন, ‘তাকে সরি বলে দিয়েন প্লিজ। ধন্যবাদ।’ এ সময় দেহরক্ষীদের সারা বলেন, ‘এভাবে করবেন না। কাউকে ধাক্কা দেবেন না। ঠিক আছে।’

সারার এই ক্ষমা চাওয়ার ভিডিও দেখে ভক্তদের মন ছুঁয়ে গেছে। অনুরাগীরা তার প্রশংসা করেছেন।

এন এইচ, ০১ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language