শিক্ষা

ইউজিসিকে আইনি নোটিশ

ঢাকা, ২২ নভেম্বর – নিয়ম বহির্ভূতভাবে দেশে বিদেশি বিশ্ববিদ্যালয়-কলেজের ক্যাম্পাস স্থাপনের সিদ্ধান্ত বাতিল চেয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি সাতদিনের মধ্যে অস্ট্রেলিয়ার মোনাশ কলেজকে দেওয়া অনুমোদন বাতিল করতেও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে। নতুবা এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে রিটে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনজুর নাহিদের পক্ষে এ নোটিশ পাঠানো হয়। তারপক্ষে সোমবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ব্যারিস্টার অনিক আর হক। নোটিশে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩৯ ধারায় বলা আছে, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে ক্যাম্পাস স্থাপন বা কার্যক্রম পরিচালনা করতে চাইলে তাদের দেশে অনার্স, মাস্টার্স, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পরিচালনা করতে হবে। কিন্তু আইনে স্পষ্টভাবে বলা সত্ত্বেও গত ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মোনাশ কলেজকে বাংলাদেশে স্ট্যাডি সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। যে স্ট্যাডি সেন্টারের সার্টিফিকেট শুধুমাত্র এই কলেজে ভর্তির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অথচ দেশে বর্তমানে ১০৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ও তাদের কার্যক্রম পরিচালনা করছে। এ অবস্থায় দেশে মোনাশ কলেজের স্ট্যাডি সেন্টার স্থাপন অবৈধ ও আইনবহির্ভূত। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের আইনি নোটিশটি পাঠানো হয়।

সূত্র: সমকাল
এম ইউ/২২ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language