আইন-আদালত

দুই মামলায় আরজে নিরব-রিপনের জামিন নামঞ্জুর

ঢাকা, ০৮ নভেম্বর- ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া এবং প্রতিষ্ঠানটির হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুমায়ুন কবির ওরফে আরজে নিরবের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৮ নভেম্বর) গুলশান থানার পৃথক দুই মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিক এ আদেশ দেন।

আদালতে আরজে নিরব এবং রিপনের পক্ষে আইনজীবী মোর্শেদুজ্জামান এবং রিপনের পক্ষে হায়দার তানভীরুজ্জামান জামিন শুনানি করেন। আর জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদেশ দেন আদালত।

গত ১২ অক্টোবর ১৮ লাখ ১১ হাজার ৩২৩ টাকা আত্মসাতের অভিযোগে তানজিনা আফরিন ইথেন নামে এক গ্রাহক মামলাটি দায়ের করেন। এছাড়া গত ১৮ অক্টোবর ৪৫ লাখ ৩৬ হাজার ৯২৯ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন কাদের খান নামে আরেকজন গ্রাহক।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। গত ৮ অক্টোবর আরজে নিরবকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: আরটিভি
এম ইউ/০৮ নভেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language