ঢাবি গ্রন্থাগারের পেছন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা, ২৮ অক্টোবর- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকাসংলগ্ন গ্রন্থাগারের পেছন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে পুলিশের সহযোগিতায় মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।
ঢাবি গ্রন্থাগারের পেছনে শিশুর মরদেহটি কয়েক দিন ধরে পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের এক সদস্য জানান, দুপুরে গ্রন্থাগারের পেছনে গিয়ে তারা নবজাতকের মরদেহটি দেখতে পান। তখনই তারা বিষয়টি শাহবাগ থানা-পুলিশ ও প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে জানান। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়৷
আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয় শর্ত সাপেক্ষে খুলছে
এ বিষয়ে প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, নবজাতকটি ছিল ছেলে। পাঁচ-ছয় দিন আগে মরদেহটি কেউ ফেলে গিয়েছে বলে আমরা ধারণা করছি৷ পুলিশকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
সূত্র : দেশ রূপান্তর
এম এন / ২৮ অক্টোবর









