চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত ১০

চট্টগ্রাম, ২৭ অক্টোবর – গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। তবে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের শরীরে। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় ১ হাজার ৩২১ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে নগরের ৭২১ জন এবং ৬০০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এছাড়া এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ১৮২ জনের। এরমধ্যে নগরের ৭৩ হাজার ৯৪২ জন এবং ২৮ হাজার ২৪০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৬১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৬ জন।
উপজেলাগুলোর মধ্যে- হাটহাজারীতে ১ ও সীতাকুণ্ডে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৭ অক্টোবর ২০২১









