বার্সায় যোগ দিলেন তুরস্কের বিস্ময়কর প্রতিভা দেমির

তুরস্কের বিস্ময়কর প্রতিভা ১৭ বছর বয়সী মিডফিল্ডার এমরে দেমিরের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে বার্সেলোনা। আগামী মৌসুমে টার্কিশ ক্লাব কাইসেরিসপর থেকে বার্সেলোনা ‘বি’ দলে যোগ দেবেন তিনি।
২০২৭ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুয়ে থাকবেন দেমির। ২ মিলিয়ন ইউরোতে বার্সার চুক্তিপত্রে স্বাক্ষর করেন তিনি। তবে কাতালান জায়ান্টরা দেমিরের বাইআউট ক্লজ রেখেছে ৪০০ মিলিয়ন ইউরো।
দেমিরের আগে ক্যাম্প ন্যুয়ে এসেছেন আরেক দেমির। তবে তিনি অস্ট্রিয়ান। এই বছর ঘরের ক্লাব র্যাপিড উইয়েন থেকে ধারে বার্সায় যোগ দেন ১৮ বছর বয়সী উইঙ্গার ইউসূফ দেমির।
টার্কিশ সুপার লিগে এমরে দেমিরের আনুষ্ঠানিক অভিষেক হয় মাত্র ১৫ বছর বয়সে। দেশটির শীর্ষ লিগ প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ গোলদাতা হিসেবে রেকর্ড গড়েন তিনি।
জাতীয় দলে এখনো অভিষেক হয়নি দেমিরের। তবে দেশটির যুব দলের হয়ে ইতোমধ্যে সুনাম কুড়িয়েছেন তিনি। গতি ও বাঁ-পায়ে বল নিয়ন্ত্রণের জন্য সবার নজন কাড়েন দেমির।
সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২৪ সেপ্টেম্বর









