পেগাসাস-কাণ্ড তদন্তে পশ্চিমবঙ্গে কমিশন গঠন

কলকাতা, ২৬ জুলাই – ফোনে আড়ি পাতার ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে ভারতের পশ্চিমবঙ্গ। রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার এ কথা জানিয়েছেন।
তার দেয়া তথ্য অনুযায়ী, দুই অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছে।
এদিন সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘ফোনে আড়ি পাতার ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছি আমরা। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লকুর ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এই তদন্ত কমিশনের দায়িত্বে থাকবেন। এনকোয়্যারি অ্যাক্ট (১৯৫২)-এর আওতায় এই কমিশন গঠন করা হয়েছে।’
তিনি বলেন, ‘‘দেশের অনেক রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিল্পপতির ফোনে আড়ি পাতা হয়েছে। আমরা সংসদের বাদল অধিবেশনে বিক্ষোভ দেখিয়েছি। ভেবেছিলাম কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে। কিন্তু কেন্দ্র কোনো ভ্রুক্ষেপ করেনি। তাই আমি দিল্লি যাওয়ার আগে কমিশন গঠন করে দিলাম।’
মমতা আরও বলেন, ‘আমরাই প্রথম রাজ্য, যারা এই ঘটনায় কমিশন গঠন করল। আশা করি বাকিরাও আমাদের দেখে এগিয়ে আসবে। কেউ না জাগলে তাকে জাগাতে হবে।’
সোমবারই দিল্লি যাচ্ছেন মমতা। সেখানে বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
সূত্র : দেশ রূপান্তর
এম এউ, ২৬ জুলাই









