ফুটবল

সুইডেনকে বিধ্বস্ত করে বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্স, এমবাপের জোড়া গোল

নিউ জার্সি, ১ জুলাই – বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপের জোড়া গোল এবং ব্র্যাডলি বারকোলার এক গোলের সুবাদে বড় জয় পায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় ফ্রান্স। প্রথমার্ধে এমবাপের একটি গোল অফসাইডে বাতিল হওয়া এবং মাইকেল অলিজের শট পোস্টে লাগলেও বিরতির ঠিক আগে প্রথম গোলের দেখা পায় তারা। একটি শর্ট কর্নার থেকে পাওয়া বল নিখুঁত শটে জালে জড়িয়ে ফ্রান্সকে এগিয়ে নেন এমবাপে।

দ্বিতীয় অর্দ্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। অলিজের চমৎকার থ্রু পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন তিনি।

এরপর ম্যাচের ৭৪ মিনিটে অলিজের পাস থেকে রক্ষনভাগ ভেঙে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন এমবাপে। এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা ১৮-তে নিয়ে গেলেন ফরাসি অধিনায়ক। চলতি আসরে এটি তার ষষ্ঠ গোল।

অন্যদিকে ১৯৯০ সালের পর এবারই প্রথম এত দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো সুইডেনকে।

আগামী রোববার ফিলাডেলফিয়ায় পরবর্তী রাউন্ডের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ফ্রান্স।

এনএন/ ১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language