সাতক্ষীরা

কঠোর লকডাউন উপেক্ষা করে বিয়ের অনুষ্ঠান, কনের পিতাকে অর্থদণ্ড

সাতক্ষীরা, ০২ জুলাই- দেশব্যাপী চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে সাতক্ষীরার তালায় বিয়ের অনুষ্ঠান করায় কনের পিতার অর্থদণ্ড দেয়া হয়েছে। তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ-উল-হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন। তালা থানার ওসি মো. মেহেদী রাসেলের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযানে অংশগ্রহণ করেন।

তালা থানার ওসি মো. মেহেদী রাসেল কালের কণ্ঠকে জানান, লকডাউন উপেক্ষা বৃহস্পতিবার (১ জুলাই) রাতে কনের পিতার বাড়ি তালার চরগ্রামে অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন করার খবর পান। খবর পেয়ে রাত ৯টার দিকে চরগ্রামে কনের পিতা তরুন পালের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালোনা করা হয়। তালা থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ-উল-হাসানের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে বিয়ের অনুষ্ঠান বন্ধসহ কনের পিতাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বিয়ের বরসহ অনেকেই অনুষ্ঠান থেকে পালিয়ে যান। বিয়ের অনুষ্ঠান থেকে বরসহ তার স্বজনরা পালিয়ে যাওয়ায় বরের নাম ঠিকানা জানা যায়নি। তবে তরুন পালের মেয়ে লাবনীর সাথে ঢাকায় চাকরিরত যশোর জেলার মনিরামপুর এলাকার একটি ছেলের সাথে বিয়ে হচ্ছিল বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান কালের কণ্ঠকে জানান, ঘটনাস্থল যেয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধসহ লকডাউন উপেক্ষা করে অনুষ্ঠান করার অপরাধে কনের পিতা তরুন পালকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

তথ্যসূত্র: কালের কন্ঠ
এস সি/০২ জুলাই


Back to top button
🌐 Read in Your Language