সাতক্ষীরা

সাতক্ষীরায় একদিনে রেকর্ড ১০৩ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরা, ০৯ জুন – সাতক্ষীরায় লকডাউনের চতুর্থ দিনে করোনা সংক্রমণের হার আরও বেড়েছে। সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল পর্যন্ত) ১৮৭ জনের শরীরে নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা পজিটিভ এসেছে।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৫ দশমিক ৮ শতাংশ। এটিই জেলায় একদিনে সর্বোচ্চ হার রেকর্ড।

এদিকে সোমবার রাতে ও মঙ্গলবার সকালে করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এক নারী ও আপন দুই সহোদরসহ আরও পাঁচজন।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়াত এসব তথ্য নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় দ্রুত করোনা রোগী শনাক্তের জন্য সোমবার থেকে সীমান্তবর্তী সব উপজেলায় র‍্যাপিড টেস্ট চালু করা হয়েছে। জেলায় এখনো কোনো ভারতীয় ধরনের করোনা রোগী পাওয়া যায়নি। আইইডিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে এ বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে।

এদিকে করোনা ঠেকাতে প্রশাসনকে কিছুটা কঠোর হতে দেখা গেছে। পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে আরও বেশি সংখ্যক চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে। জেলায় বাড়ানো হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানও।

গত শনিবার থেকে সোমবার পর্যন্ত তিনদিনে ৪১টি অভিযান পরিচালনা করা হয়েছে, মামলা দায়ের করা হয়েছে ২১৭টি। এই সময়ে স্বাস্থ্যবিধি ও লকডাউনের বিধিনিষেধ না মানায় ১ লাখ ২৩ হাজার ৫৪৩ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এখনও জেলায় সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। কিছু কিছু মোটরচালিত যান চলতে দেখা গেছে কিছু এলাকায়। এছাড়া সীমিত সময়ের জন্য সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত চলছে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৯ জুন


Back to top button
🌐 Read in Your Language