শ্রীলঙ্কাকে ২৪৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ঢাকা, ২৫ মে – অতিথি শ্রীলঙ্কান বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন মুশফিকুর রহিম। দাপুটে ব্যাটিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে পেয়েছেন দারুণ এক সেঞ্চুরির দেখা। মিরপুরে টস জিতে শুরু ব্যাটিংয়ে নেমে তার অসাধারণ ব্যাটিং ঝলকে বাংলাদেশ গড়েছে ২৪৬ রানের পুঁজি।
কিন্তু আক্ষেপ থেকে গেল টাইগারদের। পুরো ৫০ ওভার খেলতে পারল না তারা। ৪৮.১ ওভার শেষে মুশফিক দুষ্মন্ত চামিরার বলে আশেন বান্দারার হাতে ক্যাচ তুলে দিলে লাল-সবুজের প্রতিনিধিদের ইনিংসের সমাপ্তি ঘটে। এখন সিরিজ জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে সফরকারী শ্রীলঙ্কাকে তুলতে হবে ২৪৭ রান।
মাঠ থেকে ফেরার আগে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি হাঁকান মুশফিক। ১২৭ বলে ১০ বাউন্ডারিতে খেলেন ১২৫ রানের চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস। তার সঙ্গে দলের হয়ে যা একটু রান সংগ্রহ করেছেন বলতে মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে।
সূত্র : বার্তা২৪
এন এইচ, ২৫ মে







