ক্রিকেট

ভারতের অনুরোধ প্রত্যাখ্যান ইংল্যান্ডের

লন্ডন, ২২ মে – নিজ দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মাঝপথেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর স্থগিত করতে বাধ্য হয় ভারত। আইপিএলের বাকি অংশ শেষ করতে মুখিয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই); কিন্তু শেষ করার জন্য উপযুক্ত সূচি পাচ্ছেন না তারা।

তবে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সূচি এগিয়ে আনলে আইপিএলের বাকি অংশ শেষ করার সুযোগ আছে বিসিসিআইয়ের সামনে। টেস্ট সিরিজের সূচি এগিয়ে আনতে ইংল্যান্ড অ্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি) অনুরোধ করেছিল বিসিসিআই; কিন্তু বিসিসিআইয়ের অনুরোধ রাখল না ইসিবি।

এ ব্যাপারে ইসিবির এক মুখপাত্র বলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে আমাদের কথা হয়েছে। আইপিএল নিয়েও আলোচনা হয়েছে। তবে নির্ধারিত সময়েই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে এবং শেষও হবে। সূচিতে পরিবর্তনের কোনো সুযোগ নেই। করোনার কারণে পরিবর্তন হলে, জৈবসুরক্ষা বলয় নিয়ে অনেক দিক দিয়ে সমস্যায় পড়তে হবে।’

সাউদাম্পটনে ১৮ জুন অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে লড়বে ভারত ও নিউজিল্যান্ড। এর পর ৪ আগস্ট থেকে পাঁচ ম্যাচের সিরিজ শুরু করবে ভারত, যা শেষ হবে ১০ সেপ্টেম্বর। তবে এক সপ্তাহ এগিয়ে যদি সিরিজ শেষ করা যায়, তা হলে আইপিএল আয়োজনের সুযোগ পাবে বিসিসিআই।

আইপিএলের বাকি ৩১ ম্যাচের জন্য তিন সপ্তাহ সময় পাবে বিসিসিআই; কিন্তু বিসিসিআইয়ের অনুরোধকে ‘না’ বলে দিয়েছে ইসিবি। করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় গত ৪ মে স্থগিত হয় আইপিএলের ১৪তম আসর।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ২২ মে

Back to top button
🌐 Read in Your Language