আমরা একই ভুল বারবার করছি: মাহমুদউল্লাহ

হ্যামিল্টন, ২৮ মার্চ -ভুলের বৃত্ত থেকে বের হতে পারছে না দল। আর তাই ফলাফলেও পরিবর্তন আসছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ এভাবেই বলছেন।
তার ব্যাখ্যা, ‘একসঙ্গে বেশি উইকেট হারানোর পর আর ম্যাচ জেতা যায় না। আমরা এটাই করছি, একই ভুল বারবার করে চলেছি।’
রবিবার কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬৬ রানে হারে হারে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিল টাইগাররা। কিন্তু মাঠে তার প্রতিফলন ঘটেনি।
আরও পড়ুন : টি-টোয়েন্টিতেও বড় হার দিয়ে শুরু করল বাংলাদেশ
নিউজিল্যান্ড আগে ব্যাট করে ৩ উইকেটে ২১০ রানের পুঁজি গড়ে। জবাবে ৮ উইকেটে ১৪৪ রান পর্যন্ত করতে পারে বাংলাদেশ।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ সেই দিকটাতেই ইঙ্গিত করেছেন। ওয়ানডে সিরিজে যে ভুলের মাশুল দিতে হয়েছে।
কিউরা বড় পুঁজি গড়লেও মাহমুদউল্লাহ বোলারদের ভুল দেখছেন না। তার কথা, ‘বোলাররা ভালো বোলিং করেছে, বোলারদের দোষ দিতে পারছি না। ফিল্ডিংয়ে কিছু বাড়তি বাউন্ডারি হয়েছে আমাদের।’
কিউই ব্যাটার ডেভন কনওয়ে ৫২ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের ভাগ্য গড়ে দেন। তাকে কৃতিত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ, ‘আমার মনে হয়, আমাদের সুযোগ ছিল। শুরুতে আমরা দুটি উইকেট নিয়েছি, রান রেট সাতের নিচে ছিল। কিন্তু ডেভন (কনওয়ে) যেভাবে ব্যাটিং করেছে…।’
তবে এই ম্যাচ থেকেও একটা ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন মাহমুদউল্লাহ, ‘একটা ইতিবাচক দিক আমি নিতে চাই। ‘ইন্টেন্ট’ ছিল আমাদের। যা দেখতে পাওয়াটা ভালো ছিল। টি-টোয়েন্টিতে ১০০-১২০ রানে অল আউট হতেই পারেন। কিন্তু অন্তত জয়ের তাড়না যদি দেখানো যায়, তাহলে সুযোগ থাকে।’
সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২৮ মার্চ









