নোয়াখালী

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

নোয়াখালী, ১৩ মার্চ – নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ ১১ লাখের বেশি টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শুক্রবার রাতে গ্রেপ্তারদের হাতিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আব্দুল্যাহ ইউনিয়নের চরগজারিয়া গ্রামের খোকন প্রকাশ খোকন ডাকাত (৪৩) ও চরগাজী ইউনিয়নের বয়ারচর গ্রামের লিটন (২৮)।

আরও পড়ুন : বসুরহাটে কঠোর অবস্থানে প্রশাসন

র‌্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পের ডিএডি আহসানুল হক জানান, গোপন সংবাদে সুখচর ইউনিয়নের চরগাসিয়া মৌলভীর চর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকার আবদুর রহিম নামে এক ব্যক্তির বাড়ির উঠান থেকে খোকন ডাকাত ও লিটনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছয় রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ত্রিএনত্রি রাইফেল, একটি এসবিবিএল, একটি ত্রিকোয়ার্টার এলজি, দুটি দেশীয় এলজি, ২২টি শর্টগানের কার্তুজ ও নগদ ১১ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন যাবত অস্ত্র ও গুলি ব্যবহার করে চরাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেপ্তারদের হাতিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language