চট্টগ্রাম

প্রবাসী তোতা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম, ০৮ মার্চ – চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নেছার আহমেদ ওরফে তোতা মিয়া নামে এক প্রবাসীকে জবাই করে হত্যার দায়ে ৯ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। আসামিদের মধ্যে একজন ছাড়া অন্য ৮ জন আসামি পলাতক রয়েছেন।

সোমবার (৮ মার্চ) বিকেলে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফারজানা আকতার এ আদেশ দেন। একই মামলায় আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা দেওয়ারও আদেশ দিয়েছেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন— দিদার, আবু বক্কর প্রকাশ বাসিক, জংগু, ইছমাইল ও শাহীন, লেডা নাছির, বাবুল, নুরুল ইসলাম, জোবায়ের। এদের মধ্যে শাহীন বাদে বাকি ৮ জন পলাতক রয়েছেন।

আরও পড়ুন : দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজ করছে: কাদের

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার জহিরুল ইসলাম।

প্রসঙ্গত, ২০০৩ সালের ১ জানুয়ারি ফটিকছড়ির রাঙ্গামাটিয়ার বাসিন্দা লেডা নাছিরের কাছে ৫ হাজার টাকা পেতেন প্রবাসী নেছার আহমেদ ওরফে তোতা। এই টাকা ফেরত চাওয়ায় তার ওপর ক্ষিপ্ত হন নাছির। কৌশলে তাকে টাকা দেওয়ার নামে ডেকে নিয়ে দণ্ডিত আসামিরা জবাই করে নেছারকে খুন করেন। পরদিন তার স্ত্রী মোর্শেদা আক্তার বাদি হয়ে ফটিকছড়ি থানায় আটজনকে আসামি করে মামলা দায়ের করেন।

পরবর্তীতে পুলিশ তদন্ত করে আরও দুইজনকে যোগ করে মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় আদালতে। ২০০৭ সালের ২০ মার্চ দশজনের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এরই মধ্যে চার্জশীটভূক্ত আসামি কপাল কাটা নাছির মারা গেলে তাকে ছাড়াই চলে বিচার কার্য। মোট ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে চট্টগ্রামের অতিরিক্ত চতুর্থ দায়রা জজ আদালতের বিচারক ফারজানা আক্তার জীবিত ৯ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

সূত্র : বিডি২৪লাইভ
এন এ/ ০৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language